ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্রীড়া সংগঠক হিসেবে সম্মানসূচক ক্রেস্ট পেয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রামিন খান। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকবিরোধী সামাজিক উদ্যোগে ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ১ জুন বিকেলে উপজেলার দরুইন ফুটবল মাঠে অনুষ্ঠিত এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির সদস্য অবির আহমেদ ভূঁইয়া।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে রামিন খানের উদ্যোগ ও অংশগ্রহণ প্রশংসনীয়।
স্থানীয় সূত্র জানায়, আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা রামিন খান দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ক্রীড়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে তিনি দেবগ্রামসহ বিভিন্ন এলাকায় ফুটবল ও অন্যান্য খেলাধুলার আয়োজন করে আসছেন। তাঁর এসব উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্মাননা পাওয়ার পর রামিন খান বলেন, তরুণদের সুস্থ ধারার বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি এ সম্মাননাকে এলাকার যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের প্রতি উৎসর্গ করেন।
পড়ুন- শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা: আদালতে সাক্ষ্য দিচ্ছেন বাবা


