ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও বিধি-বিধান অনুসরণ না করায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।
প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র হালনাগাদ না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক নিয়োজিত না রাখা এবং স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল-মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদের জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম তদারকিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

