চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (০২ জুন) দিবাগত রাত ৯ টার দিকে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এসব করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক
মুন্সী ইমদাদুর রহমান বুধবার সকাল ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার (০২ জুন) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ হরিহরনগর গ্রামে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
অভিযানকালে সীমান্ত মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশ বাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা রয়েছে। এছাড়া গুলির পেছনে “KF 7.65” লেখা পাওয়া গেছে। উদ্ধারকৃত গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল।
অভিযান পরিচালনা করেন জেসিও-৯৪০৩ নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদ। এসময় তার সঙ্গে বিজিবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ তালিকা মূলে জব্দ করে মঙ্গলবার রাতেই আইনগত কার্যক্রমের জন্য জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে ৫৮-বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন- সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ


