হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রাম থেকে গত ৩১ মে রাত অনুমান ৩টার দিকে একটি পানির ট্যাংক চুরি করে এলাকায় চিহ্নিত চোর চক্র।
“সারাদেশে বিশুদ্ধ পানি সরবরাহ” প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওই গ্রামে গভীর নলকূপ ও পানির ট্যাংক স্থাপন করে প্রায় ৮ মাস আগে। প্রকল্পের পাশে থাকা একটি বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা যায় ওই রাতে দুই চোর গভীর নলকূপের সাথে সংযুক্ত পানির ট্যাংকের পাইপ লাইন কেটে ট্যাংকটি তুলে নিয়ে যাচ্ছে। এর আগে তারা নলকূপের সাবমার্জেবল পাম্পটি খুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এটি পাকা করা বক্সের ভেতর থাকায় নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ১ জুন হবিগঞ্জ সদর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন দরিয়াপুর সাহেব বাড়ির বাসিন্দা সাংবাদিক শোয়েব চৌধুরী। এদিকে পানির ট্যাংক চুরি হওযায় বিশুদ্ধ পানির অভাব ভোগ করছেন বেশ কিছু পরিবার। ভুক্তভোগী ফারুক মিয়া বলেন নলকূপটি স্থাপন হওয়ার পর থেকে এলাকার অনেক পরিবারের লোকজন বিশুদ্ধ পানির সুবিধা পেয়ে আসছিলেন। চুরি হওয়ার পর বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হয়ে অনেক দূর থেকে খাওয়ার পানি আনতে হচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জ থানার ওসি জাহেদুল হক বলেন, এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি ও খুব দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পানির ট্যাংকি উদ্ধার এবং চোরকে ধরার চেষ্টা করছি।
পড়ুন- কাটলো অনিশ্চয়তা, যেভাবে বাংলাদেশে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ


