বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পারিবারিক সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে একান্ত আয়োজনেই সম্পন্ন হবে এই বিয়ে।
জানা গেছে, গত দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন আমির ও গৌরী। প্রায় এক বছর ধরে তারা একসঙ্গেই বসবাস করছেন। বিয়ের অনুষ্ঠানটি আমির খানের নিজ বাসভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বড় পরিসরের কোনো জনসমাগম বা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা নেই।
আমির ও গৌরীর পরিচয় অবশ্য নতুন নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চিনতেন তারা। ২০২৪ সালের শুরুতে বেঙ্গালুরুতে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে তাদের সম্পর্ক নতুন মোড় নেয়। পরে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরীকে ‘পার্টনার’ হিসেবে পরিচয় করিয়ে দেন আমির। বেঙ্গালুরুর একটি সেলুন চেইনের সঙ্গে কাজ করা গৌরী বর্তমানে আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন।
সম্পর্ক নিয়ে এর আগে খোলামেলা কথা বলেছেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, গৌরী ও আমি একে অপরের প্রতি খুবই সিরিয়াস। আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ একটি সম্পর্কে আছি। আমার হৃদয়ে আমি ইতোমধ্যেই তাকে বিয়ে করেছি। আনুষ্ঠানিকভাবে বিয়ে করব কি না, সেটি সময়ের সঙ্গে সিদ্ধান্ত নেব। আমির আরও জানিয়েছেন, গৌরীর সঙ্গে সম্পর্কের মধ্যে তিনি মানসিক স্থিরতা ও স্বস্তি খুঁজে পেয়েছেন।
গৌরীর আগের সংসার থেকে কুইন নামের একটি ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে, এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে মাত্র ২১ বছর বয়সে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাদের সংসারে জন্ম নেয় মেয়ে ইরা খান ও ছেলে জুনায়েদ খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাও খানের জন্ম হয়। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও সন্তান লালন-পালন ও পারিবারিক বিভিন্ন আয়োজনে এখনও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা।
বিয়ের অতিথি তালিকা এখনো প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সময় ও ব্যস্ততার সঙ্গে সমন্বয় করতে পারলে বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। বলিউডের এই বহুল আলোচিত জুটির বিয়ে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

