বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। পরে একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর এবং ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ কমিশনার হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হিসেবে দায়িত্ব নেন মো. সাইফুদ্দিন।
এর আগে, গত মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন।
পুঁজিবাজারে টানা দরপতন, আস্থার সংকট, বাজার উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির অভাব এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে ছিল বর্তমান কমিশন।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় কর্মবিরতিসহ আন্দোলন করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
অন্যদিকে, সাধারণ বিনিয়োগকারীরাও তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন।
পড়ুন: শিশু রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজই
আর/


