প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের সৃজনশীলতা, দক্ষতা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে টাঙ্গাইলের ঘাটাইলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অনলাইন গেমিং টুর্নামেন্ট “নেক্সট জেন সাইবার ক্ল্যাশ ২০২৬”। তরুণদের মধ্যে ই-স্পোর্টস ও প্রযুক্তিচর্চাকে আরও জনপ্রিয় করে তুলতে ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে ঘাটাইল গেমিং এরিনা, যেখানে সার্বিক লজিস্টিক সহায়তা প্রদান করেছে ঘাটাইল অনলাইন।
টুর্নামেন্টের প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করছে Fiber@Home। আয়োজনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটাইল গেমিং এরিনার সিইও এস এম ইমরুল কায়েস রাজিব। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিওও জাহিদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মাহাবুব হাসান সাহালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজক সূত্রে জানা যায়, ঘাটাইল অঞ্চলের তরুণ গেমারদের জন্য একটি প্রতিযোগিতামূলক ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গেমারদের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অনলাইন গেমিং কমিউনিটিতে।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট PUBG Mobile প্রতিযোগিতা বুধবার সফলভাবে সম্পন্ন হয়েছে। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোতে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করে। একাধিক রাউন্ডের জমজমাট লড়াই শেষে টিম ইলেভেন ৭৮ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো টুর্নামেন্টে দলটির কৌশলগত পরিকল্পনা, দলগত সমন্বয় এবং ধারাবাহিক পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে ই-স্পোর্টস বিশ্বব্যাপী একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় ঘাটাইলের তরুণদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার পাশাপাশি নেতৃত্বগুণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও নতুন নতুন গেম ইভেন্ট যুক্ত করে টুর্নামেন্টটি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।
টুর্নামেন্টের বাকি ইভেন্টগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। আয়োজকরা এই আয়োজন সফল করতে অংশগ্রহণকারী, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেছেন।
পড়ুন:তাপপ্রবাহ চলবে আরও ২ থেকে ৩ দিন: আবহাওয়া অধিদপ্তর
দেখুন:ছোঁয়ার ম্যাডেস্ট ফ্যান কী করেছে ছোঁয়ার জন্য? | তারায় তারায় | তাবাসসুম ছোঁয়া
ইমি/


