খুলনা সোনাডাঙা থানার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, র্যাব ফোর্সেস নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ সদর কোম্পানি এবং র্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২৯ মে খুলনার সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার ১ নম্বর আসামি ও প্রধান পলাতক অভিযুক্ত মো. রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানার বাসিন্দা এবং আলমগীর হাওলাদারের ছেলে।
র্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রফিকুল ইসলাম হাওলাদারকে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি খুলনা মহানগরীর সোনাডাঙা এলাকায় এক বৃদ্ধা ও তার দুই নাতির হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন রফিকুল ইসলাম হাওলাদার।
পড়ুন: দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি


