রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের ঢালা (র্যাম) ভেঙে পদ্মা নদীতে ডুবে যাওয়া এসবি পরিবহনের একটি বাস আড়াই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় বাসটি নদী থেকে তোলা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। তবে দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসে থাকা চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এরপর চালক, হেলপার ও সুপারভাইজারকে নিয়ে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায়। চালক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পন্টুনের র্যাম ভেঙে বাসটি নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে দুর্ঘটনার শিকার হয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উদ্ধার করা হয়।
পড়ুন: দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: চালক-সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
আর/


