বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিত ভুল প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ ভাষা ও অপপ্রচারের বিস্তার সুস্থ রাজনৈতিক চর্চার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে কাজ করছে।
তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে।
বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটি সবসময় জনগণের অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করে এসেছে। তবে দেশে গণতন্ত্র ও জনঅধিকারে অবিশ্বাসী কিছু অশুভ শক্তির উত্থান ঘটেছে, যাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও বক্তব্য দেন। তিনি বলেন, দেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এবং এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বটবাহিনী’। তবে জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে রয়েছে বলে তিনি দাবি করেন।
দুদু আরও বলেন, সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পড়ুন : বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী


