নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. জোবায়ের (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বন্দর থানার এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে মেহেদী হাসান মানিক (২৫)সহ আরও দুই অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে জোবায়েরকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকেই বন্দর থানা পুলিশের অভিযান টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে। জড়িত আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন- রামিসা হত্যার রায় আজ: আদালতে সোহেল রানা ও স্ত্রী স্বপ্না


