জিংকসমৃদ্ধ ধানের আবাদ বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শস্য ভ্যালু চেইন অ্যাক্টরদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভার আয়োজন ও পরিচালনা করে ইএসডিও।
সভায় হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. শাহিনুল কবির এবং ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি এবং জিংকসমৃদ্ধ ধানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা জানান, ব্রিধান-১০২, ব্রিধান-১০০, ব্রিধান-৮৪ ও ব্রিধান-৭৪ জাতের জিংকসমৃদ্ধ ধান দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তারা কৃষকদের মধ্যে জিংক ধানের আবাদ সম্প্রসারণ এবং জিংকসমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনায় আরও জানানো হয়, ‘কৃষকের অ্যাপস’ ব্যবহার করে কৃষকরা তাদের উৎপাদিত জিংকসমৃদ্ধ ধান সরাসরি সরকারি খাদ্য বিভাগের গুদামে বিক্রি করতে পারবেন, যা কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিসের ফুড ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন এবং রাণীশংকৈল বণিক সমিতির সদস্য মো. মনতাসীর আল মামুন। এছাড়া ইএসডিও’র রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শস্য ভ্যালু চেইন অ্যাক্টর উপস্থিত ছিলেন।
পড়ুন : ময়মনসিংহে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার


