বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের পর স্থানীয় কয়েকটি গণমাধ্যমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ওই নারীর একটি ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়।
মূলত ছবিতে প্রদর্শিত নারীর সৌন্দর্য নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই ছবিটি শেয়ার করতে থাকেন, ফলে অল্প সময়ের মধ্যেই সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, রোববার (৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএনসি। এ সময় গ্রেপ্তার হওয়া নারী ছালেহা আক্তার ও তার স্বামী মো. আব্দুস সোবাহানের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে তাদের ঘর থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় ছালেহা আক্তারকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী মো. আব্দুস সোবাহান (৪৫) পালিয়ে যান।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বলেন, আমরা গণমাধ্যমে যে ছবি সরবরাহ করেছি, সেখানে ওই নারীর মুখমণ্ডল ব্লার করা ছিল। ফলে তার চেহারা প্রকাশ হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন ছবি তৈরি করে থাকে, সেটির দায়ভার তাদেরই।
তিনি আরও বলেন, ডিএনসির পক্ষ থেকে সরবরাহ করা ছবিতে নারীর পরিচয় গোপন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পরে জিললুর রহমান ব্লারবিহীন মূল ছবিটি সরবরাহ করেন। তবে তিনি অনুরোধ জানান, ছবিটি প্রকাশ না করাই ভালো হবে।
এদিকে, ডিএনসির সরবরাহ করা মূল ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল হওয়া ছবির উল্লেখযোগ্য অমিল পাওয়া গেছে। এ কারণে ভাইরাল হওয়া ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পড়ুন : জীবননগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ


