বিজ্ঞাপন

নির্বাচনি দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার, আহতরাও পাবেন সহায়তা

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত দায়িত্ব পালনকালে অসুস্থতা, দুর্ঘটনা বা মৃত্যুর শিকার হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) এ সংক্রান্ত নীতিমালার তথ্য জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, গুরুতর আহত হয়ে সাময়িক অক্ষম হলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং সাধারণভাবে আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

এ ছাড়া, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান দেয়ার বিধান রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান পাওয়া যাবে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদনের পর অনুদানের অর্থ প্রদান করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, আগে এ ধরনের সহায়তার বিষয়ে সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা ছিল না। নতুন নীতিমালার মাধ্যমে অনুদান প্রদানের প্রক্রিয়া এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। ফলে ভবিষ্যতে এ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন