বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের ২৩তম সংস্করণ শুরু হচ্ছে আজ। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। আয়োজক হিসেবে দায়িত্ব ভাগ করে নিয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে এই প্রতিযোগিতা।
কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের পর মাত্র সাড়ে তিন বছরের ব্যবধানে আবারও বিশ্বকাপের উন্মাদনায় ফিরছে ফুটবল বিশ্ব। ২০২২ সালের আসরটি শীতকালে আয়োজন করা হলেও এবার ঐতিহ্য অনুযায়ী জুন মাসেই মাঠে গড়াচ্ছে প্রতিযোগিতা।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। কাকতালীয়ভাবে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল, যেখানে ফল ছিল ১-১ গোলের ড্র।
বিশ্বকাপ উপলক্ষে তিন আয়োজক দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানগুলো। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১টায় শুরু হবে মেক্সিকোর উদ্বোধনী আয়োজন।
নতুন ফরম্যাটের কারণে এবার ম্যাচ সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ফাইনালসহ মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬টি ভেন্যুতে। এর মধ্যে সর্বাধিক ৭৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ১৩টি করে ম্যাচ। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়াম হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
আজতেকা স্টেডিয়াম বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ভেন্যু। এই মাঠেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ফুটবল কিংবদন্তি Pelé ও Diego Maradona। ১৯৭০ সালে পেলে এবং ১৯৮৬ সালে ম্যারাডোনা এই মাঠে বিশ্বকাপ জিতেছিলেন। একই সঙ্গে ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষীও এই স্টেডিয়াম। তৃতীয়বারের মতো বিশ্বকাপ ম্যাচ আয়োজনের মাধ্যমে নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে ভেন্যুটি।
বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। Neymar ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেয়েছেন। চোট কাটিয়ে প্রস্তুতি ম্যাচে গোল করে ফিরেছেন Lionel Messi। অন্যদিকে নিজের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছেন Cristiano Ronaldo। আলোচনায় রয়েছেন Kylian Mbappé, Lamine Yamal, Erling Haaland এবং Harry Kaneও।
শিরোপা ধরে রাখতে পারবে কি না বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি ব্রাজিল ঘরে তুলবে ষষ্ঠ বিশ্বকাপ—এ নিয়েও চলছে বিস্তর আলোচনা।
এবারের আসরে নিয়মেও এসেছে বেশ কিছু পরিবর্তন। প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ চালু হচ্ছে। বদলি খেলোয়াড়দের দ্রুত মাঠে প্রবেশ ও প্রস্থান, থ্রো-ইন গ্রহণে সময়সীমা এবং বিভিন্ন শৃঙ্খলাজনিত বিষয়ে কঠোরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি ভিএআর ব্যবস্থায়ও যুক্ত হয়েছে নতুন কিছু পর্যালোচনা সুবিধা।
তবে মাঠের লড়াই শুরুর আগেই বিতর্কের মুখে পড়েছে এবারের বিশ্বকাপ। টিকিটের উচ্চ মূল্য নিয়ে অসন্তোষ রয়েছে অনেক সমর্থকের। এছাড়া বিভিন্ন দেশের সমর্থক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা জটিলতা নিয়েও আলোচনা হয়েছে। ইরানের কয়েকজন সদস্য এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে জানা গেছে। একই ধরনের সমস্যায় পড়েছেন কিছু কর্মকর্তা ও রেফারিও।
সব বিতর্ককে পেছনে ফেলে অবশেষে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন। প্রিয় দলের জার্সি, পতাকা আর অসীম প্রত্যাশা নিয়ে কোটি কোটি সমর্থক প্রস্তুত বিশ্বকাপের এক মাসব্যাপী মহোৎসবে শামিল হতে।
পড়ুন: জনকল্যাণকে প্রাধান্য দিয়েই প্রণয়ন করা হয়েছে এবারের বাজেট: অর্থমন্ত্রী
আর/


