মাঠে এখনও বলে কিক দেওয়া শুরু হয়নি! তবে মাঠের বাইরে আর্জেন্টিনা-ব্রাজিল বা অন্য দলের সমর্থকদের লড়াই জমে উঠেছে। বিশ্বকাপের বাঁশি বাজার আগে তারকাদের মধ্যেও শুরু হয়েছে প্রতিযোগিতা। কে ব্রাজিল, কে আর্জেন্টিনার সমর্থক- এ নিয়ে আলোচনা বেশি। সবাই নিজের দলকে এগিয়ে রাখছেন। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল আহমেদ
আসিফ আকবর
সংগীতশিল্পী আসিফ আকবর ব্রাজিল ফুটবল দলের ভক্ত। আশির দশকে সাদা-কালো টেলিভিশনে ব্রাজিল সমর্থক মায়ের সঙ্গে খেলা দেখতেন, তখন থেকেই ভালোলাগা। তিনি বলেন, ‘আমরা যারা বনেদি ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি। ব্রাজিল দি অ্যা টিম হিসেবে খেলে, যে কোনো ব্যক্তিগত ক্যারিশমা এই দলের একটা হালকা উপলক্ষমাত্র। ফুটবল নিয়ে চার বছরে একবারই পাগল হই, পাগল চেতাবেন না প্লিজ। আমাকে আমার পছন্দের দলটাকে সাপোর্ট করতে দিন, এটা আমার মৌলিক ফুটবলিক অধিকার।’
পূজা চেরি
লিওনেল মেসির দল আর্জেন্টিনার ভক্ত তিনি। তিনি জানান, আমি শুধু আর্জেন্টিনা দলকে সমর্থন করি। লিওনেল মেসির পায়ের জাদু আমাকে মুগ্ধ করে। আমার মায়ের কাছে ম্যারাডোনার খেলার কথা শুনেছি। ম্যারাডোনাকেও আমার ভালো লাগে। যদি আর্জেন্টিনা হেরে যায় টিভি বন্ধ করে দেব। যে যেটাই বলুক আমি সেটা গায়ে লাগাব না। সবশেষে কথা একটাই- আমার প্রিয় দলের নাম আর্জেন্টিনা। এ নিয়ে আর কোনো কথা হবে না। মুখে তো অনেকেই অনেক কথা বলব। সবাই সবার প্রিয় দলকে এগিয়ে রাখব। কিন্তু মাঠের খেলাটাই হচ্ছে আসল। মাঠে বল গড়ালেই বোঝা যাবে কে বেশি ভালো খেলে। জিতুক কিংবা হেরে যাক আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করব।
জিয়াউল ফারুক অপূর্ব
ক্রিকেট ও ফুটবল দুটিই অপূর্বর প্রিয়। এখন পুরো বিশ্ব ফুটবল জ্বরে আক্রান্ত। যার তাপ লেগেছে এই অভিনেতার গায়েও! অপূর্ব বলেন, ‘আমার ছেলেবেলা কেটেছে মোহাম্মদপুরে। ইকবাল রোডের কাছে একটি মাঠ আছে। ওই মাঠে অনেকদিন ফুটবল খেলেছি। এখনও ফুটবল খেলা দেখতে টিভির সামনে বসার পর ইকবাল রোডের সেই খেলার মাঠের কথা চোখে ভাসে। আমি মনে করি ফুটবল খেলায় উত্তেজনা বেশি। ৪ বছর পরপর বিশ্বকাপ খেলা হয়। এবারও শুরু হয়েছে। আমার প্রিয় দল ব্রাজিল। ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি। ‘ব্রাজিলের খেলায় আলাদা ছন্দ আছে। আলাদা একটা স্টাইল আছে। আর খেলায় তো হার-জিত থাকবেই। তবুও ব্রাজিল চ্যাম্পিয়ন হোক অবশ্যই চাইব। ব্রাজিলের জন্য আমার ভালোবাসা ও শুভকামনা।
পরীমণি
নায়িকা পরীমণি আর্জেন্টিনার সমর্থক। লিওনেল মেসির ভক্ত তিনি। তিনি আশা করছেন এবারের বিশ্বকাপের ট্রফিও মেসির হাতেই উঠবে। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়ে পরীমণি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’ শুধু দলের প্রতি সমর্থনই নয়, ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতিও নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করে পরীমণি বলেন, ‘আমি মেসির ডাইহার্ড ফ্যান (কট্টর ভক্ত)। তার নাম শুনলেই আমার হার্টবিট (হৃৎস্পন্দন) বেড়ে যায়।’
মেহজাবিন চৌধুরী
ব্রাজিল দলের নৈপুণ্যময় খেলা দেখতে ভালো লাগে মেহজাবিনের। তার মতে, ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক ধরনের। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচগুলো তার কাছে মজার। তিনি প্রত্যাশা করেন এবারের বিশ্বকাপে জয় করবে ব্রাজিল। তিনি বলেন, ‘ফুটবল খেলা দেখার মজাই আলাদা। প্রতিটি মিনিটে উত্তেজনা কাজ করে। আর বিশ্বকাপে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রতিটি দলকেই সমান মূল্যায়ন করতে হবে। কাউকে ছোট করে দেখলেই সমস্য। আমি ব্রাজিলের প্রতিটি খেলা লাইভ দেখার চেষ্টা করব। হার-জিত মেনে নিয়েই খেলা দেখতে বসব।’
ইমরান মাহমুদুল
ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার কাছে ভালোবাসার আরেক নাম লিওনেল মেসি। দল হারলে যেন দিনটা ভালো যায় না। আর্জেন্টিনাকে নিয়ে এবারের বিশ্বকাপে তার প্রত্যাশা, প্রিয় দল জিতুক। তিনি বলেন, ‘গতবার বিশ্বকাপ জয়ের পর আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। এবার মেসির শেষ বিশ্বকাপ। চাই মেসির হাতে আরেকবার উঠুক কাপ। প্রিয় দলের প্রতিটা খেলাই দেখব।’
সিয়াম আহমেদ
অভিনয়ের বাইরে সিয়াম নিজেকে খেলাপাগল হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। ফুটবল খেলা দেখেন সময়-সুযোগ পেলেই। সবাই যেখানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা সমর্থন করেন, তার সমর্থনটা একেবারেই ভিন্ন। স্পেন দলটাই তার সবচেয়ে পছন্দের দল। শুরু থেকেই স্পেনের সাপোর্টার তিনি। সিয়াম বলেন, আমি স্পেনের ভক্ত। আমার প্রিয় খেলোড়ার ডেভিড ভিয়া। যদিও তিনি এখন খেলেন না। আমি বিশ্বাস স্পেন এবার বিশ্বকাপের ফাইনাল খেলবে।’
তৌসিফ মাহবুব
ফুটবলের প্রতি তৌসিফ মাহবুবের ভালোবাসা বেশ। সুযোগ পেলেই ফুটবল খেলেন। বিশ্বকাপ এলেই বাংলাদেশের মতো তিনিও ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন। তবে আর্জেন্টিনা বা ব্রাজিল নয়, তার প্রিয় দল জার্মানি। ২০১৪ সালের সেই আইকনিক জার্মান দলের খেলা দেখেই তিনি দলটির প্রেমে পড়েন। বিশ্বকাপ নিয়ে মজার একটি অভিজ্ঞতাও শেয়ার করেন অভিনেতা। একবার একটি নাটকে তাকে আর্জেন্টিনার সমর্থকের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। এরপর অনেক ব্রাজিল সমর্থক দর্শক মজা করে তাকে ‘বয়কট’ করার কথাও বলেছিলেন। তবে বাস্তবে তিনি জার্মানির সমর্থক। এবারের বিশ্বকাপ নিয়েও আশাবাদী তৌসিফ। তার মতে, বর্তমান সময়ে ফ্রান্স দল বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে ফুটবলের সৌন্দর্যই হলো অনিশ্চয়তা, তাই শেষ পর্যন্ত কে শিরোপা জিতবে তা এখনই বলা কঠিন।
আবুল হায়াত
তার পছন্দের দল ব্রাজিল। তিনি বলেন, ‘বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল সমর্থন করি। ভালো লাগে ব্রাজিলের খেলা। এই দলের খেলার ভক্ত বলব না, পোকা বলব; এতটাই পছন্দ করি। আবার আর্জেন্টিনার খেলাও ভালো লাগে, কিন্তু প্রিয় দল কিংবা পছন্দের দল হচ্ছে ব্রাজিল। ইউরোপিয়ান ক্লাবের খেলা নিয়মিত দেখি। বিশ্বকাপ ফুটবলের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। ওদের খেলা যখন দেখি, তখন ভাবি কবে যে আমাদের ছেলেরা ওই রকম করে খেলতে পারবে। এবার অপেক্ষা করছি ব্রাজিল যেন ভালো কিছু করে। প্রিয় দলের জন্য শুভকামনা।’
আজিজুল হাকিম
সমর্থন করেন জার্মানি। তিনি বলেন, ‘আমি জার্মানির সমর্থক। শুরু থেকেই দলটিকে সাপোর্ট করে আসছি। ফুটবলের যে নান্দনিকতা, ফুটবলের যে ছন্দ, তা এই দলের মধ্যে আছে। আমি একসময় ফুটবল খেলতাম। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে খেলেছি একসময়। প্রথম বিভাগে খেলেছি। সেই সময় থেকে জার্মানির খেলা আমাকে মুগ্ধ করে। ওদের খেলার ভক্ত হয়ে যাই, এখনও আছি।’
রাফিয়াত রশীদ মিথিলা
সমর্থন করেন আর্জেন্টিনা। তিনি বলেন, ‘শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। কোনো কারণ নেই, ওদের খেলা ভালো লাগে। বিশ্বকে ওরা নান্দনিক খেলা উপহার দিয়ে যাচ্ছে বহু বছর ধরে। আমি ম্যারাডোনার খেলা যেমন ভালোবাসি, মেসির খেলাও ভালোবাসি। এই বিশ্বকাপে প্রিয় দল ভালো কিছু করুক, রেকর্ড করুক, সেটাই চাওয়া।’
চঞ্চল চৌধুরী
তার প্রিয় দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা। আমার পছন্দের ও ভালোবাসার দল আর্জেন্টিনা। বুঝতে শেখার পর থেকেই এই দলের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। আমি যেমন আর্জেন্টিনা সমর্থন করি, আমার পুত্রও তাই করে। দুজনের পছন্দের দল এবারের বিশ্বকাপে ভালো কিছু করুক- এটাই প্রত্যাশা।’
বিদ্যা সিনহা মিম
সমর্থন করেন ব্রাজিলকে। তিনি বলেন, ‘ব্রাজিল আমার পছন্দের দল। ফুটবলের জাদুকর পেলের দেশ ব্রাজিল। ছোটবেলা থেকেই ওদের খেলা পছন্দ করি। এবার বিশ্বকাপে প্রিয় দল ভালো করবে, সেই প্রত্যাশা করছি।’
পড়ুন:দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান এনা
দেখুন:জমি বিক্রি করে ৭.৫ কি. মি. জার্মান পতাকা বানালেন আমজাদ!
ইমি/


