ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আজ রাতেই ইরানে ‘খুব কঠিন’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেবে, যার মধ্যে খার্গ দ্বীপও রয়েছে।
তিনি লিখেছেন, ‘অদূর ভবিষ্যতে আমরা খার্গ আইল্যান্ড এবং অন্যান্য তেল অবকাঠামো পয়েন্টের নিয়ন্ত্রণ নেব এবং তাদের তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করব, ঠিক যেমনটি আমরা ভেনেজুয়েলায় করেছি।’
খার্গ দ্বীপ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয় বলে আন্তর্জাতিক জ্বালানি বিশ্লেষকদের ধারণা।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা “ধ্বংস হয়ে গেছে” এবং দেশটির সামরিক শক্তি কার্যত ভেঙে পড়েছে।
তবে ট্রাম্পের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, খার্গ দ্বীপকে লক্ষ্য করে কোনো সামরিক অভিযান হলে তা শুধু ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা
পড়ুন : যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি আইআরজিসির


