মেহেরপুরের গাংনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণালব্ধ পণ্য প্রদর্শন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী ১৬টি স্টল পরিদর্শন করেন। এ সময় তারা স্টলগুলো ঘুরে ঘুরে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, গবেষণালব্ধ পণ্য ও সেবার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পড়ুন- নয়াদিল্লিতে শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক, হয়নি যৌথ সংবাদ সম্মেলন


