ফিফা বিশ্বকাপের ইতিহাসে এর আগে মাত্র দুইবার অংশ নিয়েছে কানাডা। ১৯৮৬ ও ২০২২ আসরে গ্রুপ পর্বের মোট ছয়টি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি দলটি। সবকটি ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। তবে ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের ম্যাচে আলফোনসো ডেভিস কানাডার হয়ে প্রথম বিশ্বকাপ গোলের ইতিহাস গড়েছিলেন।
এবার স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিচ্ছে কানাডা। টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। একই গ্রুপে রয়েছে কাতার ও সুইজারল্যান্ড। তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় প্রথমবারের মতো বিশ্বকাপে পয়েন্ট অর্জন এবং জয় পাওয়ার আশা দেখছে উত্তর আমেরিকার দেশটি।
চার বছর আগের তুলনায় বর্তমান কানাডা দলকে অনেক বেশি অভিজ্ঞ মনে করা হচ্ছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে তারা। এছাড়া আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ইতিবাচক প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের মূল আসরে নামছে দলটি, আর ঘরের মাঠে সমর্থকদের সামনে ভালো কিছু করার প্রত্যাশা তাদের।
ড্র অনুষ্ঠানের পর কানাডা ধারণা করেছিল, গ্রুপে তাদের প্রতিপক্ষ হবে ইতালি। কিন্তু প্লে-অফে ইতালিকে হারিয়ে বসনিয়া-হার্জেগোভিনা মূল পর্বে জায়গা করে নেওয়ায় সেই সমীকরণ বদলে যায়। তবে বিশ্বকাপের আগে বসনিয়ার প্রস্তুতি খুব একটা আশাব্যঞ্জক ছিল না। নর্থ মেসিডোনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র এবং পানামার বিপক্ষে ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারা।
২০১৪ সালের বিশ্বকাপে খেলা দলের দুই অভিজ্ঞ সদস্য এবারও রয়েছেন বসনিয়ার স্কোয়াডে। তারা হলেন ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো এবং অভিজ্ঞ ডিফেন্ডার সিড কোলাসিনাচ। তাদের সঙ্গে রয়েছে তরুণদের সমন্বয়ে গড়া একটি দল, যারা মূল পর্বে ওঠার পথে কয়েকটি চমকও উপহার দিয়েছে।
বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা।
বিশ্বকাপ শুরুর আগে কানাডার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে সেন্টার-ব্যাক মোইসে বোম্বিতোর ছিটকে যাওয়া। ফ্রান্সের নিস ক্লাবের এই ডিফেন্ডার পুরোপুরি ফিট না থাকায় টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। অনেকের মতে, তিনি ছিলেন দলের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড়। এছাড়া স্কোয়াডে ডাক পাওয়ার পর মার্সেলো ফ্লোরেস অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট পেয়ে ছিটকে গেছেন। ফলে কোচের কৌশল বাস্তবায়নে আলফোনসো ডেভিস, জোনাথন ডেভিড ও তাহন বুকাননের ওপর বড় দায়িত্ব থাকবে।
অন্যদিকে বসনিয়া-হার্জেগোভিনাও চোট সমস্যার বাইরে নয়। রিজার্ভ গোলরক্ষক ওসমান হাদজিকিচ ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে ম্লাদেন ইয়ুরকাসকে। প্লে-অফে ইতালিকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করা দলের সঙ্গে বর্তমান স্কোয়াডের খুব বেশি পরিবর্তন হয়নি। অভিজ্ঞ এডিন জেকোকে ঘিরেই দলটির মূল পরিকল্পনা সাজানো হয়েছে, যিনি এই বিশ্বকাপে অংশ নেওয়া ৪০ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়দের বিশেষ তালিকার একজন সদস্য।
পড়ুন: বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
আর/


