দিনাজপুরে বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিশাল আনন্দ শোভাযাত্রা।
মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপের দীর্ঘ বহরে শহরের প্রধান সড়কগুলো পরিণত হয় আকাশি-সাদা রঙের উৎসবে।
বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। পরে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর বিভিন্ন ব্যানার, বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ছবি এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে কয়েক হাজার সমর্থক একটি বিশাল শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রাটি ইনস্টিটিউট মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপের বড় বহরের পাশাপাশি ছিল সাউন্ড বক্স, বাদ্যযন্ত্র, আতশবাজি, রঙের উৎসব এবং আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকদের উচ্ছ্বাস।
সমর্থকদের দাবি, দিনাজপুরের ইতিহাসে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বৃহৎ এই শোভাযাত্রায় কয়েক হাজার ফুটবলপ্রেমী অংশ নেন।
বিশ্বকাপকে ঘিরে তাদের এই আয়োজন শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।শোভাযাত্রা চলাকালে স্লোগান, বাদ্যযন্ত্রের তালে নাচ-গান ও আতশবাজির ঝলকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ফুটবলপ্রেমীদের এমন উন্মাদনা দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন সাধারণ মানুষও।
পড়ুন- ইতিহাসের সর্বোচ্চ ঘাটতি বাজেট, অর্থনীতি বিপর্যয়ের আশঙ্কা: মিয়া গোলাম পরওয়ার


