বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করায় বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি হাসান মিয়া খোকনকে সংবর্ধনা দিয়েছে ব্যাচ ’৯৩-এর সহপাঠীরা। গতকাল রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড় এলাকায় তার নিজস্ব বাগানবাড়ি ‘স্প্লাশ প্যারাডাইস’-এ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাচ ’৯৩-এর সহপাঠীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে হাসান মিয়া খোকনের এ অর্জনের জন্য অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করে হাসান মিয়া খোকন বলেন, “শিক্ষার কোনো বয়স নেই, আর স্বপ্নের কোনো সীমানা নেই। হার্ভার্ডে পড়ার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম বড় অর্জন। বন্ধুদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসা ও সম্মান আমার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, “হার্ভার্ডের মতো বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাওয়া গর্বের বিষয়। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগাতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
বক্তারা বলেন, হাসান মিয়া খোকনের এ অর্জন বন্দরবাসীর জন্য গর্বের এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।
পরে কেক কাটা, নৈশভোজ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


