খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনাকে পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোকে সন্তানের মতো পরিচর্যা করতে হবে।
শনিবার (১৩ জুন) নগরীর খালিশপুর রোটারি স্কুল মাঠে আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই খুলনায় এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হুইপ বকুল বলেন, “আগামী প্রজন্মের জন্য সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড় ও পরিবেশ দূষণ মানবজাতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর উদ্যোগগুলোর একটি। একটি গাছ অক্সিজেন, ছায়া, ফল ও কাঠ দেওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবুজায়নকে জাতীয় আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি “একটি গাছ, একটি প্রাণ”, “সবুজ বাংলাদেশ, আমাদের অঙ্গীকার” এবং “গাছ লাগাই, দেশ বাঁচাই” স্লোগান ধারণ করে সবাইকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়।
অনুষ্ঠানের শেষে হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধানমন্ত্রীর এ উদ্যোগের সাফল্য কামনা করেন এবং খুলনাসহ দেশের প্রতিটি জনপদ সবুজে ভরে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


