দেশের পর্যটন স্পটগুলোতে গেলেই দেখা মিলবে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অব্যবহৃত প্লাস্টিক, খাবারের প্যাকেটের খোসা; যা সৌন্দর্য নষ্ট তো করছেই, পাশাপাশি ঝুঁকিপূর্ণ করে তুলছে এখানকার পরিবেশ। এ নিয়ে উদাসীন অনেকেই, কেউ বা দেখেও এড়িয়ে যান, কেউ বা করেন সমালোচনা।
তবে ভোলা জেলার চরফ্যাশনের তরুণদের একটি সংগঠন আছে, নাম নির্ভর ফাউন্ডেশন। ব্যতিক্রমধর্মী পরিবর্তনে ছুটে চলা তরুনদের এই সংগঠনের সদস্যদের ভাবিয়ে তোলে পর্যটন ও স্থানীয়দের অসচেতনতা। তারা চায় ভ্রমণ হোক পরিবেশবান্ধব। তবে ভাবনা সহজ, কাজ কি ততটা সহজ হয়? কী করা যায়, তা নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা।সেই ভাবনা সেই কাজ।
সম্প্রতি সংগঠনটির চরফ্যাশন উপজেলা টিম বেড়াতে যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ার সমুদ্র সৈকতে। সেখানে তারা “পরিবেশ বাঁচলে বাঁচবে জীবন, প্লাস্টিক মুক্ত হোক আগামীর ভুবন” এই স্লোগানে একঝাঁক তরুণ কোমর বেঁধে নেমে পড়েছেন সৈকতে, করতে হবে পরিষ্কার। চলছে অব্যবহৃত ওয়ানটাইম প্লাস্টিক সংগ্রহ। সেই প্লাস্টিক বিক্রি করে কেনা হবে গাছ, করা হবে সচেতনতা মুলক ক্যাম্পেইন। এভাবেই দিনব্যাপী চলে প্লাস্টিক পরিচ্ছন্নতা ক্যাম্পেইন। সংগ্রহকৃত প্লাস্টিক বিক্রির বিনিময়ে পাওয়া টাকা দিয়ে করা হয় সচেতনতামূলক লিফলেট যা স্থানীয় জনগন, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বিতরন করা হয়।
স্থানীয়দের সাথে কথা হয় পরিবেশ সুরক্ষায় বিষয়টি নিয়েও। পাশাপাশি সংগঠনের সদস্যরা মিলে দারুণ এক কাজ করেন, তারা স্থানীয় জনগোষ্ঠী কে নিয়ে করেন সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করার বিষয়ে বৈঠক। এবং ৫ই জুন পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী নেওয়া হয় বৃক্ষরোপন কর্মসূচী। তাদের সফলতাকে কেন্দ্র করে নানাবিধ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে নির্ভর ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক লিখন আহমেদ তুহিন বলেন, ‘দেশের পর্যটন স্পটগুলো প্রতিনিয়ত আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জেনে বা না জেনে এসব স্থানের ক্ষতি করছি। বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক যেখানে সেখানে ফেলে পরিবেশের ক্ষতি করছি। আর এই ক্ষতি টা বর্তমানে পর্যটকদের অসচেতনতার কারনে আরো বেড়ে গেছে, তাদের সাথে বহন করা সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলা তারা সৈকতের আশেপাশেই ফেলে আসে, যা এক সময় সমুদ্রে মিশে গিয়ে জীববৈচিত্রের ক্ষতি করছে, যা আগামীর জন্য পুরো মানব জাতির জন্য হুমকি স্বরুপ।
আমাদের এই সচেতনতা মুলক কার্যক্রম চলমান থাকবে, আমরা চাই প্রত্যেক টা পর্যটক ভ্রমনের পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল হোক।
এদিকে নির্ভর ফাউন্ডেশনের সদস্যদের সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন পেশার মানুষ।


