ঢাকা–নারিতা–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ২৭ জুলাইয়ের মধ্যে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে ২০ জুন থেকে এই রুটের টিকিট বিক্রি শুরু হবে।
সোমবার (১৫ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–নারিতা ফ্লাইট পুনরায় চালু সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিমান ব্যবস্থাপনা ও প্রবাসীদের সুবিধা বাড়াতে কাজ করা হচ্ছে। তিনি আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা–নারিতা ফ্লাইট স্থগিত হওয়ার পর নতুন করে তা চালুর উদ্যোগ নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর সেফটি অডিট সম্পন্ন করতে ৪৫ দিন সময় প্রয়োজন। এ কারণে ২৭ জুলাই থেকে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে ফ্লিট বাড়লে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। জাপানে বসবাসরত বাংলাদেশি ও শিক্ষার্থীদের জন্য এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ভবিষ্যতে রুট সম্প্রসারণ এবং বিমান খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য নিয়েও কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
পড়ুন: উপদেষ্টা জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার
আর/


