সিরাজগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বখাটে ও কিশোর গ্যাং মুক্ত রাখতে জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা এবং ক্যাম্পাসে বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে জেলা পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু-এর নির্দেশনায় মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি এবং অভিযোগ পাওয়া মাত্র দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থী ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কোনো বখাটে চক্র, কিশোর গ্যাং বা উচ্ছৃঙ্খল ব্যক্তির উপস্থিতি কিংবা শিক্ষার্থীদের উত্যক্ত করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে বখাটেদের অবস্থানের বিষয়ে পুলিশকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে বখাটেদের সরিয়ে দিয়ে পরিবেশ স্বাভাবিক করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা পুলিশের অন্যতম অগ্রাধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সহযোগিতা ছাড়া শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই কোনো ধরনের উত্যক্ত, হয়রানি বা কিশোর গ্যাংয়ের তৎপরতা নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। ত্যক্ত, হয়রানি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসে বখাটে এবং কিশোর গ্যাংমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পড়ুন- ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিল কেন্দ্রীয় ব্যাংক


