কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস”। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
সোমবার (১৬ জুন) পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপপরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী। সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং বাজার সংযোগ বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষক ও স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় সদর, পঞ্চগড়।
পড়ুন- তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা


