বিশ্বজুড়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করতেই মেটার এই নতুন উদ্যোগ।
মেটার সাম্প্রতিক এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এই এআই ফিচারগুলো ফেসবুকে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং যোগাযোগের পুরো ধরনকেই বদলে দেবে।
বদলে যাচ্ছে সার্চ পদ্ধতি: নতুন এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো ফেসবুকের ‘এআই মোড’। এর ফলে ফেসবুকে কোনো কিছু খোঁজার চিরাচরিত পদ্ধতিতে একটি বড় পরিবর্তন আসবে। এখন থেকে কোনো তথ্য বা উত্তর পেতে ব্যবহারকারীদের কষ্ট করে শত শত পোস্ট স্ক্রল করতে হবে না। বরং সাধারণ ভাষায় প্রশ্ন করলেই ‘মেটা এআই’ প্ল্যাটফর্মের পাবলিক পোস্টগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সরাসরি একটি সংক্ষিপ্ত উত্তর বা সারাংশ জানিয়ে দেবে। তবে ব্যবহারকারীদের সাধারণ পোস্টের ওপর ভিত্তি করে এই সারাংশ তৈরি হওয়ায়, এর নির্ভরযোগ্যতা শতভাগ নিশ্চিত কি না—তা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা প্রশ্ন রয়েছে।
ভিডিও এডিটিং ও এআই ফটো প্রিসেটে চমক: ফেসবুক ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে মেটা নিয়ে এসেছে আধুনিক ভিডিও এডিটিং টুলস। এর পাশাপাশি যুক্ত হচ্ছে ‘এআই ফটো প্রিসেট’ নামক একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজেদের ছবিতে পছন্দসই পোশাক, চুলের স্টাইল এবং চেহারার ধরনে চমৎকার সব বৈচিত্র্য আনতে পারবেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে স্থির ছবিকে সচল বা জীবন্ত করার জন্য ‘অ্যানিমেটেড প্রোফাইল ফটো’ ফিচারও চালু করেছিল মেটা।
ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশেষ ফিচার : এদিকে, চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের জন্য বিশেষ কিছু ফিচারের ঘোষণা দিয়েছে মেটা। এজন্য তারা বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল দল, তারকা খেলোয়াড় এবং কনটেন্ট ক্রিয়েটরদের সাথে যৌথ অংশীদারিত্ব চুক্তি করেছে। ফলে বিশ্বকাপের এই পুরো সময় জুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ফুটবল বিষয়ক বিশেষ সব ইন্টারেক্টিভ কনটেন্ট ও ফিচারের দারুণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
পড়ুন : শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য


