ফুটবল বিশ্বকাপের আবহে এখন মেতে আছে গোটা বিশ্ব। প্রিয় দলের খেলা দেখতে ব্যস্ত সময় পার করছেন কোটি কোটি দর্শক। এমন সময়ে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি কিছুটা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিনোদনপ্রেমীদের জন্য সুখবর হলো, জনপ্রিয় বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে একাধিক আকর্ষণীয় ছবি ও ওয়েব সিরিজ। রহস্য, থ্রিলার, অ্যাকশন, রোমান্স ও ড্রামা—সব ধরনের দর্শকের জন্যই রয়েছে নতুন কনটেন্ট।
সবচেয়ে আলোচিত সিরিজগুলোর একটি ‘আই উইল ফাইন্ড ইউ’। জনপ্রিয় লেখক হার্লান কোবেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই রহস্যঘেরা সিরিজে দেখা যাবে ডেভিড নামের এক ব্যক্তির গল্প। নিজের ছেলেকে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও সে নিজেকে নির্দোষ দাবি করে। কারাগারে থাকাকালীন এমন কিছু তথ্যের সন্ধান পায় ডেভিড, যা থেকে তার বিশ্বাস জন্মায় যে ছেলে হয়তো এখনও জীবিত। এরপর সত্য উদঘাটনের জন্য সে বিপজ্জনক অভিযানে নামে। সিরিজটি ১৮ জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে।
একই দিন অ্যামাজন এমএক্স প্লেয়ারে আসছে ‘অব হোগা হিসাব’। পাঞ্জাবের প্রেক্ষাপটে নির্মিত এই প্রতিশোধের গল্পে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহির শেখ। ববি নামের এক যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। কানাডা থেকে দেশে ফেরার পর তার ভাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ভাইকে খুঁজতে গিয়ে মানবপাচার চক্র, দুর্নীতি ও ষড়যন্ত্রের ভয়াবহ জগৎ সম্পর্কে জানতে পারে সে। এরপর ন্যায়বিচারের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে ববি। সিরিজটিতে আরও অভিনয় করেছেন মৌনী রায় ও সঞ্জয় কাপুর।
রহস্যপ্রেমীদের জন্য রয়েছে ‘দৃশ্যম ৩’। মোহনলাল অভিনীত জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে আবারও বিপদের মুখে পড়বে জর্জকুট্টি ও তার পরিবার। অতীতের ঘটনাকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র শুরু হয়। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জর্জকুট্টিকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। ছবিটি ১৮ জুন থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।
১৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে থ্রিলার সিরিজ ‘ওয়েসিস’। স্পেনের একটি বিলাসবহুল হোটলকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। ছুটি কাটাতে আসা কয়েকজন অতিথির জীবন হঠাৎ পাল্টে যায় এক তরুণীর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায়। তদন্তের পাশাপাশি একে একে প্রকাশ পেতে থাকে হোটলের অন্ধকার সব গোপন রহস্য।
অন্যদিকে রোমান্টিক-কমেডি ঘরানার দর্শকদের জন্য রয়েছে ‘ভয়েস মেলস ফর ইসাবেল’। বোনকে হারানোর শোক কাটাতে না পেরে জিল নিয়মিত তার বোনের পুরনো নম্বরে ভয়েস মেসেজ পাঠায়। কিন্তু নম্বরটি ইতোমধ্যে অন্য এক নারী, ওয়েসের কাছে চলে গেছে। অচেনা দুই মানুষের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এক আবেগঘন সম্পর্ক। সিরিজটিও ১৯ জুন থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


