স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যা প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। আদালত শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসর বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার দিনই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
এর আগে গত ৪ জুন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান জাহের আলভীর মা নাসরিন সুলতানা।
ইকরার মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

