নেত্রকোনার মদন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. সানোয়ার হোসেন (২৪) নামের এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত সানোয়ার হোসেন উপজেলার বাররী রামপুর কান্দাপাড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সানোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় নিয়মিত মাদক সেবন ও নানা বিশৃঙ্খলা করে আসছিলেন। শনিবার তার মাদক সেবনের গোপন খবর পায় প্রশাসন। এ সংবাদের ভিত্তিতে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার পুলিশ বাহিনীর সহযোগিতায় ওই এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সানোয়ার হোসেনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’ এর বিধি মোতাবেক অপরাধ বিবেচনায় সানোয়ার হোসেনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও আসামিকে আটকের ক্ষেত্রে সহযোগিতা করেন মদন থানার উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামানসহ পুলিশের সঙ্গীয় ফোর্স।
এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার বলেন, “মদন উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ পুলিশ প্রশাসনের সহায়তায় একজনকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। অপরাধের সত্যতা পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।”
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের বিরুদ্ধে মাদক সেবন ছাড়াও নিজ বাড়িঘরে ভাঙচুর চালানো এবং পরিবারের সদস্যদের ওপর হামলার গুরুতর অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

