সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং ইংরেজি দৈনিক দ্য কান্ট্রি টুডে-এর সিলেট ব্যুরো প্রধান হাবিব সরোয়ার আজাদ।
শনিবার রাতে তিনি সিলেট জেলা প্রশাসনের সিলগালাযুক্ত মাজারের দানের ডেগে নগদ অর্থ অনুদান জমা দেন। এ সময় তিনি জানান, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার, মাজার এলাকায় অবস্থিত মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ সংশ্লিষ্ট ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রশাসনের প্রতি আস্থা রেখে তিনি এই অনুদান প্রদান করেছেন।
হাবিব সরোয়ার আজাদ বলেন, “হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শুধু সিলেটের নয়, বরং দেশ-বিদেশের অসংখ্য মুসলমানের আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসার স্থান। মাজারের সার্বিক উন্নয়ন এবং জিয়ারতকারী ও দর্শনার্থীদের সুবিধার্থে আমার সাধ্য অনুযায়ী সামান্য অবদান রাখতে পেরে আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “সিলেট জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মাজার পরিচালনা করছে। মাজার, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তাতে আমার পূর্ণ আস্থা রয়েছে।”
এ সময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত ভক্ত, আশেকান, দানশীল ব্যক্তি এবং সর্বস্তরের মানুষকে জেলা প্রশাসনের মাধ্যমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উন্নয়ন কার্যক্রমে অনুদান প্রদানের আহ্বান জানান।
জেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও ভক্তদের পক্ষ থেকে সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সাংবাদিকদের এমন অংশগ্রহণ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
অনুদান প্রদানকালে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


