অবশেষে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের স্বাদ পেল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মোহাম্মদ সালাহর দল।
গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকায়ও এগিয়ে গেছে মিসর। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। অন্যদিকে নিউজিল্যান্ড ইরানের বিপক্ষে ২-২ গোলে সমতা করেছিল।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মিসরের। ১৫ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। তার একমাত্র গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নিউজিল্যান্ড।
বিরতির পর ঘুরে দাঁড়ায় মিসর। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির নিখুঁত ক্রসে শক্তিশালী হেডে সমতা ফেরান মোস্তাফা জিকো। তার হেড থেকে বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ায়।
সমতায় ফেরার পর আক্রমণের গতি আরও বাড়ায় মিসর। ৬৭ মিনিটে মোস্তাফা জিকোর সহায়তায় বাঁ পায়ের জোরালো ও বাঁকানো শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।
লিড পাওয়ার পরও থেমে থাকেনি মিসর। ম্যাচের ৮২ মিনিটে সালাহর কর্নার থেকে পোস্টের কাছে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন বদলি হিসেবে নামা ত্রেজেগে। তার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মিসর। বিশ্বকাপ ইতিহাসে এটিই তাদের প্রথম জয়।
এদিকে দিনের অন্য ম্যাচে ইরান ও বেলজিয়াম ড্র করায় নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দল হিসেবে গ্রুপ ‘জি’-এর শীর্ষস্থানে উঠে এসেছে মিসর।
পড়ুন: উরুগুয়েকে রুখে নকআউটের স্বপ্ন বাঁচিয়ে রাখল কেপ
আর/


