দেশে সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন পোর্টাল রয়েছে ৪৭৪টি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি এবং অনাপত্তি প্রদানকৃত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। এছাড়া বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বেলা ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এদিন লিখিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন স্পিকার।
দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার প্রশ্নে জানতে চান, “এই মুহূর্তে বাংলাদেশে প্রাইভেট টিভি চ্যানেল কতগুলো এবং কী কী? দৈনিক পত্রিকা এবং অনলাইন পত্রিকার সংখ্যা কতটি এবং কী কী?”
জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, “বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা চারটি এবং অনাপত্তি প্রদানকৃত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ ৩৯টি (উনচল্লিশ) চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।
মন্ত্রী জানান, সারা বাংলাদেশ হতে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১৪৩৬টি। এর মধ্যে ঢাকা হতে প্রকাশিত ৫৯৩টি ও অন্যান্য জেলা হতে প্রকাশিত ৮৪৩টি। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি ও অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি।
পড়ুন : সংসদে মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার


