জয়পুরহাটের কালাই উপজেলায় গবাদিপশুর চিকিৎসায় ভারতীয় অনুমোদনহীন ওষুধ ও বিধি-বহির্ভূত প্রজনন সামগ্রী বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার মাত্রাই বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মাত্রাই বাজারের ‘মনিরা ট্রেডার্স’-এর মালিক মতিউর রহমানকে অনুমোদনহীন ভারতীয় ভ্যাকসিন বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই বাজারের আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) অনুমোদিত কৃত্রিম প্রজনন কর্মী আবু বক্কর সিদ্দিককে এডিএল-এর পাশাপাশি লালতীর কোম্পানির প্রজনন সামগ্রী (টিকা) একসাথে রেখে নিয়মবহির্ভূতভাবে বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : মৌলভীবাজারের বড়লেখায় কৃষি প্রণোদনা কর্মসূচি পালন হয়েছে


