নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য কার্যক্রম ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রচেষ্টা প্রতিহত করার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকালে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
সকালের দিকে শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল এবং অবস্থান লক্ষ্য করা যায়। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অস্থিতিশীলতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা মাঠে রয়েছেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।
বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় মিছিল বের করেন এবং বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে।
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন
আর/


