ফলের মৌসুমের রঙিন আবহে কৃষির নতুন সম্ভাবনা ও টেকসই উন্নয়নের বার্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। কৃষিকে আরও লাভজনক, নিরাপদ ও বাণিজ্যিক খাতে রূপান্তরের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এমরান হোসেন ভূঁইয়া, , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, কৃষক প্রতিনিধি মো. মুর্শেদ আলম ও মৌসুমী আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিচর্চার বিকল্প নেই। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, কৃষক পার্টনার স্কুল পরিচালনা, জৈব ও অর্গানিক বালাইনাশক ব্যবহারে উৎসাহ প্রদান, সঠিক মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ফল মেলার উদ্বোধন করেন অতিথিরা। মৌসুমি ফলের সমাহারে সাজানো মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত নানা ফল প্রদর্শিত হয়। কৃষির সম্ভাবনা ও পুষ্টি সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মেলাটি দর্শনার্থীদেরও আকৃষ্ট করে।


