বিজ্ঞাপন

চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বডিগার্ড চাকরির প্রলোভনে অস্ত্র ছিনতাই, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বডিগার্ড হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাইসেন্সধারী অস্ত্রধারীদের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ জানায়, চলতি বছরের ১৭ জানুয়ারি, ১০ এপ্রিল ও ১৯ জুন সংঘটিত পৃথক চারটি ঘটনায় কয়েকজন লাইসেন্সধারী অস্ত্রধারীকে চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিরাপত্তাকর্মী বা গানম্যান হিসেবে চাকরির প্রলোভন দেখানো হয়। পরে তাদের রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

পথিমধ্যে ভুক্তভোগীদের চোখ ও মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অচেতন বা অসহায় অবস্থায় ফেলে দেওয়া হয়। এরপর তাদের সঙ্গে থাকা লাইসেন্সকৃত অস্ত্র ছিনিয়ে নিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলাসহ মোট চারটি মামলা দায়ের করা হয়।

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকে বেলা পর্যন্ত রাজধানীর ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), সিরাজুল ইসলাম (৩২) ও ইব্রাহিম শেখ (৩১)।

অভিযানে তাদের কাছ থেকে দুটি শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, একটি মাইক্রোবাস, একটি এয়ারগান, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল ফোন, অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহর এবং ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সধারী অস্ত্রধারীদের টার্গেট করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের দাবি, এ অভিযানের মাধ্যমে সাম্প্রতিক সময়ে সংঘটিত অস্ত্র ছিনতাইয়ের চারটি ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে এবং অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধচক্রটির কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

পড়ুন- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন