চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রাশেদা বেগম (৬০) ও নাসরিন খাতুন (২৮) নামে দুই রোগীর ব্যাগ থেকে মোট ৩৪ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতালের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় সংঘবদ্ধ চোরচক্র তাদের ব্যাগের চেইন খুলে কৌশলে টাকা হাতিয়ে নেয়।
জানা গেছে, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রাশেদা বেগম চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। টিকিট কেটে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়ানোর পর ডাক্তার দেখিয়ে বের হয়ে তিনি দেখতে পান, তার মেয়েকে দেওয়ার জন্য হাতব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা নাসরিন খাতুন চিকিৎসার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সঙ্গে ১৯ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় তার ব্যাগের চেইন খুলে একই কায়দায় চোরেরা সব টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় হাসপাতালজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হাসপাতালে চুরি ও পকেটমারের ঘটনা বেড়ে গেছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা আক্তার রুনা বলেন, “দুই দিন আগেও চোরচক্রের সদস্যরা হাসপাতাল থেকে দুইজন চিকিৎসকের মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।”
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, হাসপাতালে আগত রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি এবং চোরচক্রের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পড়ুন : নেত্রকোনায় যৌতুকের বলি স্ত্রী: স্বামীর ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানা


