মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ৩টি বিদেশি পিস্তল,৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’ (২৩টি টিউব) ২৪টি ডেটোনেটর ও ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার। ২টি ধারালো কুকরি চাপাতি জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে বড় ধরনের অস্ত্র ও বিস্ফোরকের চালান অনুপ্রবেশ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সতর্ক অবস্থানে ছিল বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বিওসিটিলা বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের ‘মিশন’ নামক সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের একটি দলকে দেখতে পায় বিজিবি। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে, রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


