নেত্রকোনার কলমাকান্দায় আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) শতভাগ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সোহরাব হোসাইন লিংকন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামী ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী উপজেলার প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, এটি শুধু একটি স্বাস্থ্য কর্মসূচি নয়, বরং শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।
কর্মসূচিটি সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধি, বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে উপজেলার কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে অংশগ্রহণকারীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

