কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং শিক্ষা উপকরণের অভাবসহ নানা সমস্যা তুলে ধরেছেন শিক্ষকরা। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
শুক্রবার (২৬ জুন) দুপুরে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে চরাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে সংসদ সদস্যের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি বলেন, চরাঞ্চলের শিশুদেরও সমান মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. শরিফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সৈয়দ ফিরোজ ইফতেখার, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, শিক্ষক নুর মোহাম্মদ, মারুফা সুলতানা নীরা, সায়েম আনছারী প্রমুখ। এসময় সদরের যাত্রপুর ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় শিক্ষকরা জানান, বর্ষা মৌসুমে অনেক চরাঞ্চলের বিদ্যালয়ে পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। নদীভাঙন, নৌযানের সংকট ও যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই দুর্ভোগ পোহাতে হয়। অনেক শিক্ষার্থী দারিদ্র্য, পারিবারিক কাজে সম্পৃক্ততা ও যাতায়াত সমস্যার কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারে না। ফলে তাদের ঝরে পড়ার ঝুঁকি বাড়ছে এবং শিক্ষার মান ব্যাহত হচ্ছে।
সভায় চরাঞ্চলের শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণেরসহ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পড়ুন : চুয়াডাঙ্গায় চাঁদা না পেয়ে রাস্তা নির্মাণ কাজে বাঁধা; শ্রমিকদের মারধর


