দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও।
শনিবার (২৭ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকায়।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ওপর ভিত্তি করে মজুরি যুক্ত হবে। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই কার্যকর থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্তও খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে গত ২৫ জুন স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও মূল্যবৃদ্ধির ফলে স্বর্ণের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। বিশেষ করে বিয়ের মৌসুম ও বিভিন্ন সামাজিক আয়োজনকে সামনে রেখে নতুন এই দাম ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু স্বর্ণই নয়, একই সঙ্গে বেড়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৮২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে, ৪০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
রুপার ক্ষেত্রেও চলতি বছরে মূল্য সমন্বয়ের সংখ্যা উল্লেখযোগ্য। এ পর্যন্ত ৫০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৫ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল। তখন ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার দাম হ্রাস করা হয়।
স্বর্ণ ও রুপার দামের ধারাবাহিক ওঠানামা দেশের গহনার বাজারে অনিশ্চয়তা তৈরি করলেও বাজুস বলছে, আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় কাঁচামালের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মূল্য সমন্বয় করা হচ্ছে। ফলে ভবিষ্যতেও বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী নতুন মূল্য নির্ধারণ করা হবে।
পড়ুন:বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
দেখুন:টিএসসিতে আর্জেন্টাইন ফ্যানদের বাধঁধভাঙা উল্লাস!
ইমি/


