বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান। পূর্বনির্ধারিত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়াই এই পরিদর্শনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানজুড়ে তৈরি হয় বিশেষ ব্যস্ততা।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির চলমান গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উপগ্রহ প্রযুক্তি ও দূর অনুধাবন বিষয়ক কাজের অগ্রগতি তুলে ধরেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী এবং স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি যেন জাতীয় নিরাপত্তা, উন্নয়ন পরিকল্পনা ও প্রযুক্তিগত অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে কাজ জোরদার করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, স্পারসো (Space Research and Remote Sensing Organization) বাংলাদেশে মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট প্রযুক্তি এবং রিমোট সেন্সিং গবেষণার জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, যা দেশের উন্নয়ন পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পড়ুন: ইরানের অস্তিত্ব থাকবে না—ট্রাম্পের হুঁশিয়ারি: ৮ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বড় সংঘাতের আশঙ্কা!
আর/


