বিশ্বকাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে পাওয়া এই জয়ে যেমন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তেমনি আনন্দ ভাগ করে নিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের প্রশংসায় নানা ধরনের পোস্ট দিয়েছেন তারা।
অভিনেতা চঞ্চল চৌধুরী মেসির একটি ছবি শেয়ার করে মজার ছলে লিখেছেন, ‘পরিবেশটা সুন্দর না? সব ঠিক আছে তো?’ তার এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।
অভিনেতা তৌসিফ মাহবুবও মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের প্রশংসা করে লিখেছেন, ‘সে কখনো হতাশ করে না।’ তার মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসার প্রতীক হয়ে ওঠেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
অভিনেত্রী নাদিয়া আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন। দলের জয় নিশ্চিত হওয়ার পর তিনি লিখেছেন, ‘ইউ বিউটি। ভামোস আর্জেন্টিনা।’ তার পোস্টেও ছিল উচ্ছ্বাস আর উদযাপনের ছাপ।
আর্জেন্টিনার আরেক সমর্থক অভিনেতা ইরফান সাজ্জাদ সমালোচকদের ব্যঙ্গ করে লিখেছেন, ‘লাস্ট ম্যাচে পেনাল্টি পাওয়ার পরও গোল দিতে পারে নাই দেখে এখন এই ছেলেকে ফিফা ফ্রি কিক দেওয়া শুরু করেছে! এই ছেলেটা আবার ফ্রি কিকে পেনাল্টি থেকে ভালো গোল করে! এভাবেই ছেলেটাকে গোল্ডেন বুট দিয়ে দেবে ফিফা! তীব্র প্রতিবাদ জানাই!’ তার এই ব্যঙ্গাত্মক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওনও আর্জেন্টিনার জয় নিয়ে রসিকতা করে লিখেছেন, ‘আচ্ছা যাও, তোমরা যা বলবা, তা-ই। আর্জেন্টিনা ফিফাকে টাকা দিয়ে পেনাল্টি আর ফ্রি কিক কেনে। ফাউল করার জন্য তারা বিরোধী দলের প্লেয়ারদেরও টাকা দেয়। এখন রাজুতে গিয়া আন্দোলন কর, বয়কট ফিফা।’ একই সঙ্গে তিনি জর্ডানের ফুটবলার আল তামারির গোলেরও প্রশংসা করেছেন।
ব্রাজিলের সমর্থক হলেও অভিনেতা আব্দুন নূর সজল প্রতিদ্বন্দ্বী দলের ভালো খেলার প্রশংসা করতে ভোলেননি। আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি ব্রাজিল সাপোর্টার। কিন্তু সুন্দর ফুটবলের প্রশংসা করতে কার্পণ্য করি না। মেসির পায়ের জাদু আর আর্জেন্টিনার আজকের জয়টার জন্য অভিনন্দন।’
উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা লিখেছেন, ‘আপনি যে কোনো দলই সাপোর্ট করতে পারেন, যে কোনো খেলোয়াড়কে প্রশংসা করতে পারেন। কিন্তু মেসিকে যদি অসম্মান করেন, সেটা আপনারই সীমাবদ্ধতা। লিওনেল মেসি তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, এর জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই।’
এদিকে ছোট পর্দার অভিনেত্রী মালাইকা চৌধুরীও জার্সি পরে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ সকাল। আজ একটু বেশিই খুশি।’
আর্জেন্টিনার টানা জয়ের ধারায় নকআউট পর্বে ওঠা যেমন সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, তেমনি দেশের তারকারাও সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে ফুটবলপ্রেমীদের আনন্দকে আরও রঙিন করে তুলেছেন।
পড়ুন:ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
দেখুন:টিএসসিতে আর্জেন্টাইন ফ্যানদের বাধঁধভাঙা উল্লাস!
ইমি/


