সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।
অন্যদিকে ২০২৫ সালের ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০২০ সালের ৯ নভেম্বর মো. সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। এরপর গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। সবশেষ গত ২১ জুন সিলেটের ডিসির পদ থেকে প্রত্যাহার করে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।


