যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সোমবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সরকারের ওপর দায়িত্ব অর্পণ করেছে। সেই আস্থা রক্ষা করাকে তিনি সরকারের পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, “সবার আগে বাংলাদেশ” এবং “সবার জন্য বাংলাদেশ”—এই দর্শনের ভিত্তিতেই সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করছে।
তিনি বলেন, এবারের বাজেটকে তিনি “জীবনবান্ধব বাজেট” হিসেবে আখ্যা দিতে চান। বাজেটের অন্যতম লক্ষ্য হলো অর্থনীতিকে মুষ্টিমেয় সুবিধাভোগীদের প্রভাব থেকে বের করে সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।
সংসদ নেতা আরও বলেন, এবারের বাজেটে তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে—দরিদ্র, নিম্নআয় ও ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা; স্বৈরাচারী সময়ের অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনা; এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা সচল ও বেগবান করা।
তিনি জানান, সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে অর্থনীতি ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মূল্যায়নও এই দিকেই ইঙ্গিত দিয়েছে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ব্যারেজ প্রকল্পের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিসহ বিভিন্ন খাতে ব্যবহার নিশ্চিত করা হবে।
এ সময় তিনি জাতীয় অগ্রাধিকার হিসেবে যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন।
এর আগে বাজেটের ওপর বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে ৩০০ বিধিতে বক্তব্য দিতে স্পিকারের অনুমতি চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুমতি পেলে তিনি জানান, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের আসনগুলোয় সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকার মসজিদ, কবরস্থান ও ঈদগাহে মঞ্জুরি দেওয়া হয়েছে। পরে তিনি জানান, ভবিষ্যতে সিটি করপোরেশন এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে।
পড়ুন: সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী: ব্রাজিলকে চমক দেখাবে জাপান
আর/


