চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে চাঁদার দাবিকৃত টাকা না পেয়ে এক বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কিরিঞ্জা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. মামুন সিকদার (৫০) ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মামুন সিকদার দীর্ঘদিন ধরে আনোয়ারা খাল থেকে নৌকায় (বোটে) বালু এনে ছনহরা এলাকায় ব্যবসা করে আসছেন। সোমবার দুপুরে একটি বালুভর্তি বোট নিয়ে আসার পর আশিয়া এলাকার সোহেল তালুকদার নামে এক ব্যক্তি তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়, মামুন সিকদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বেদম মারধরের পর ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল তালুকদারের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাসহ প্রায় ২০টি মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পটিয়ায় খুন, ছিনতাই, চাঁদাবাজি, হামলা ও বিভিন্ন ধরনের সহিংস অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গত কয়েক মাসে একাধিক আলোচিত হত্যাকাণ্ড, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রকাশ্যে চাঁদার দাবিতে হামলার এ ঘটনা পটিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুন : বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প


