জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার পাঁচবিবির মালঞ্চা ফকিরপাড়ার নাদিম (২৫), একই উপজেলার নাকুড়গাছী গ্রামের সোহেল রানা (২২) ও বগুড়ার আদমদিঘীর রবিউল ইসলাম (২৪)।
ডিবি পুলিশ জানায়, পাঁচবিবির লতিরহাট বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচার খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে কালো রঙের একটি ডিসকভার মোটরসাইকেলসহ রবিউল ও নাদিমকে ধরা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে নাকুড়গাছী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ সময় সোহেলের বাড়ি তল্লাশি করে লাল রঙের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং মোটরসাইকেলের লক ভাঙার ৪টি মাস্টার চাবি উদ্ধার করা হয়।
ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের ধরতে ডিবির অভিযান চলছে।
পড়ুন:ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরা স্থাপন
দেখুন:জয়ের পর শহর জুড়ে চলছে ব্রাজিল সমর্থকদের উল্লাস! |
ইমি/


