জয়পুরহাটে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে সেরাতুল মুসতাকিন ওরফে রনি (২৬) নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মুসতাকিন ওরফে রনি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের মাফেজুল ইসলাম ছবুর ছেলে। স্থানীয়দের তথ্যমতে, তিনি পেশায় সেনা সদস্য। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর বাবা মালয়েশিয়া প্রবাসী হওয়ায় সে মায়ের সঙ্গে আক্কেলপুরের তেমারিয়া গ্রামে নানাবাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন বিকেল ৩টার দিকে আসামির চাচার বাড়ির আম গাছের নিচে সে খেলা করছিল। এ সময় লজেন্সের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন রনি। পরে ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেন। পরদিন কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে। কিশোরীর নানা আসামির পরিবারকে জানালে তারা ২ লাখ টাকায় আপসের প্রস্তাব দেয়। পরিবার আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে, আসামির পরিবার আপাতত কাবিননামা করে ছেলে ছুটিতে এলে বিয়ের রেজিস্ট্রির কথা বলে কালক্ষেপণ করতে থাকে। পরে ওই বছরের ৫ আগস্ট আদালতের মাধ্যমে থানায় মামলা করেন কিশোরীর মা। মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
পড়ুন:ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরা স্থাপন
দেখুন:জয়ের পর শহর জুড়ে চলছে ব্রাজিল সমর্থকদের উল্লাস! |
ইমি/


