পরিবারের স্বপ্ন পূরণে, স্বজনদের মুখে হাসি ফোটাতে এবং জীবনের সংগ্রামে একটু স্বস্তি আনতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমিয়েছিলেন তারা। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল পাঁচটি তাজা প্রাণ। শেষ পর্যন্ত জীবনের গল্প থেমে গেল প্রবাসের মাটিতে, আর কফিনবন্দি হয়ে ফিরতে হলো জন্মভূমি সিলেটের কানাইঘাটে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সিলেটের কানাইঘাট উপজেলার স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে অনুষ্ঠিত হয় কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর জানাজার নামাজ। জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।
এদিন সকাল থেকেই জানাজাস্থলে মানুষের ঢল নামে। দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন শেষ বিদায় জানাতে। মাঠজুড়ে ছিল শোক, কান্না আর ভারী নীরবতা। স্বজনদের আহাজারি আর প্রিয়জন হারানোর বেদনায় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। একসঙ্গে পাঁচজন প্রবাসীর মৃত্যু যেন পুরো কানাইঘাট উপজেলাকে স্তব্ধ করে দিয়েছে।
নিহতদের মরদেহ দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে নিজ এলাকায় নেওয়া হলে স্বজন ও এলাকাবাসী শেষবারের মতো তাদের দেখতে ভিড় করেন। কারও মা সন্তানের মুখে শেষবার হাত বুলিয়ে দিয়েছেন, কারও স্ত্রী বাকরুদ্ধ হয়ে কফিনের পাশে দাঁড়িয়ে ছিলেন, আবার কারও সন্তান বুঝতেই পারেনি কেন তার বাবা আর কখনও ফিরে কথা বলবেন না।
নিহতরা হলেন— ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ।
স্থানীয়রা জানান, নিহতদের অধিকাংশই দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত ছিলেন এবং পরিবার-পরিজনের প্রধান উপার্জনকারী ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকার মানুষ শোকাহত।
একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যু কানাইঘাটের মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। জীবিকার সন্ধানে যাওয়া এই তরুণদের এমন মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিন মনে রাখবে এলাকাবাসী। শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন:ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরা স্থাপন
দেখুন:জয়ের পর শহর জুড়ে চলছে ব্রাজিল সমর্থকদের উল্লাস! |
ইমি/


